বিধান চন্দ্র রায়/দিনাজপুর জেলা প্রতিনিধি এবং
দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সামনে অবস্থিত মাদ্রাসার নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কাহারোল উপজেলার নয়াবাদ এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
ছাদ ঢালাইয়ের উদ্বোধনকালে জেলা প্রশাসক নির্মাণকাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন। পাশাপাশি ভবন নির্মাণের ক্ষেত্রে কাজের মান বজায় রাখা এবং নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসা সংশ্লিষ্টরা জানান, নির্মাণাধীন নতুন ভবনের কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। এতে মাদ্রাসার শিক্ষার পরিবেশও আরও উন্নত হবে বলে আশা করছেন তারা।
স্থানীয়রা জানান, ঐতিহাসিক নয়াবাদ মসজিদের সামনে মাদ্রাসাটির অবস্থান হওয়ায় এলাকাটির ধর্মীয় ও শিক্ষামূলক গুরুত্ব রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য তা উপকার বয়ে আনবে।
উল্লেখ্য, ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে অবস্থিত । মসজিদের সামনেই একটি মাদ্রাসা রয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।