মোঃ শেখ ফরিদ জেলা প্রতিনিধি
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ চোরাচালানকারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। গ্রেপ্তার দুজনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন দড়িখরবোনা মোড়ের বলাকা বিল্ডিং এলাকায় হিম স্টোরের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোক্তার মোল্যা (৪৫), বর্তমানে রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় বসবাসরত; এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জলাহার ভাজপুর এলাকার মৃত এরশাদ আলীর ছেলে মো. ছাকিরুল (৪০)।
এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়।
এসআরবি-৫-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দ করা স্বর্ণ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা তারা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।