মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজ-১১৮৯)-এর ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক এবং অর্থ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন। এছাড়া সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় মোঃ হাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেন দুই প্রার্থী। এর মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে ১০৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ কামাল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ মুক্তারুল ইসলাম মুক্তার পেয়েছেন ৪৫৩ ভোট।
অন্যদিকে, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে অর্থ বিষয়ক সম্পাদক পদে। এই পদে মিক্সচার মেশিন প্রতীক নিয়ে ৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ কাজল হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুর্নি প্রতীকের প্রার্থী মোঃ রাকিব হোসেন পেয়েছেন ৭৫৬ ভোট মাত্র ৪ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিক সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত কমিটি শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।
মন্তব্য করুন