সাহারা সুলতানা, বিশেষ প্রতিনিধি
খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় যোগদানের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন নতুন অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম। তার নির্দেশনায় গত ০৩ ও ০৪ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার মদিনাবাদে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ।
০৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩০ মিনিটে কপোতাক্ষ কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আরিফুল ইসলাম (৩৩), পিতা- ইউসুফ গাজী, সাং- মদিনাবাদকে আটক করা হয়। তার লুঙ্গির কোচর থেকে ১৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪,৫২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়রা থানায় মামলা নং- ০৪, তারিখ- ০৩/০৯/২০২৬ রুজু করা হয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ও বিশেষ অভিযানে একই রাত ২টা ১০ মিনিটে এসআই (নিঃ) প্রলয় মন্ডলের নেতৃত্বে মদিনাবাদ গ্রামে আলাউদ্দিন ফকির (৪২) এর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ফকির ও শাহাজান ফকির (৪০) কে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি নীল জিপার ব্যাগে রক্ষিত (২২+১৩) = ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া একই চক্রের আরেক সদস্যের কাছ থেকে আরও ১১৬ পিস ইয়াবাসহ সর্বমোট *১৫১ পিস ইয়াবা (ওজন ১৫.১ গ্রাম, মূল্য প্রায় ৪৫,৩০০ টাকা), নগদ ৪,৫৭০ টাকা, ফয়েল পেপার, জিপার ব্যাগ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় কয়রা থানায় মামলা নং- ০৫, তারিখ- ০৪/০৯/২০২৬ দায়ের করা হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বলেন, “রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। অপরাধমুক্ত কয়রা গড়তে কাউকে ছাড় দেওয়া হবে না।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইতোপূর্বেও সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন