অভয়নগর প্রতিনিধি
অভয়নগরে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিহত জাফর ইকবাল।
যশোরের অভয়নগরে জাফর ইকবাল (৩৫) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার একতারপুর গ্রামের শিকদারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাফর ইকবাল ওই এলাকার মৃত আব্দুল ওহাব সরকারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে জাফর ইকবালের সঙ্গে তাঁর স্ত্রী বিলকিছ বেগমের ঝগড়া হয়। একপর্যায়ে জাফর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। বুধবার সকালে বিলকিছ ঘরের দরজা খুলে বারান্দার আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় স্বামীর মরদেহ ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে নিহতের মা সেলিনা বেগমের অভিযোগ, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।
ঘটনার পর পরিবারের নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বিলকিছ বেগম (২৫), মেয়ে ফাতেমা খাতুন (১৫) এবং বিলকিছের বড় বোন খাদিজা বেগমকে (৩৫) থানায় হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, জাফর ইকবালের গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন