আবুজার গাজী, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার শ্যামনগরে বাড়িতে আসা মেহমানদের আপ্যায়নের জন্য কেউড়া ফল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রহমত আলী (৫৮) নামে এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত আলী সোরা গ্রামের ফজের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে আমন্ত্রিত অতিথিদের খাবারের ব্যবস্থা করতে সকালে বাইসাইকেলযোগে গোলাখালী দ্বীপে কেউড়া ফল সংগ্রহ করতে যান রহমত আলী। সেখানে একটি বড় কেউড়া গাছে উঠে ফল পাড়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় নিকটবর্তী একটি মাছের ঘেরে কর্মরত খোকন নামে এক ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে স্বজনদের অবহিত করেন।
স্বজনদের আপ্যায়নের উদ্দেশ্যে ফল সংগ্রহ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতিতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন