নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার্স
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন। অথচ একটি দল নির্বাচনে হেরে তার কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে রাজপথে পাগলের প্রলাপ করছে’—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হয়েছেন। মিথ্যা অপবাদ দিয়ে তাকে ছোট করা যাবে না।’
বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভালো কাজের সাথে থাকুন, তারেক রহমানের উন্নয়নের সাথে থাকুন। তাহলে বাংলাদেশের উন্নতি হবে এবং ভবিষ্যতে জনগণের কাছে যেতে পারবেন। আর যদি সরকারের বিরোধিতা করেন, তাহলে জনগণের প্রতিরোধের মুখে পড়বেন।’
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক জুয়েল তালুকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার,জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাডভোকেট মোঃ ওলিউর রহমান দর্জি, সদস্যসচিব, অহিদুজ্জামান খান,মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন