বিধান চন্দ্র রায়,দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে অটিস্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি স্কুল পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই শালবন এলাকায় অবস্থিত বীরগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে যান তিনি।
স্কুলে গিয়ে এমপি মনজুরুল ইসলাম শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
পরে স্কুলের পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।
এমপি মনজুরুল ইসলাম বলেন, এসব শিশুও আমাদের সমাজেরই সন্তান। তাদের পড়াশোনা, চিকিৎসা ও ভালোভাবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তাদের প্রতি ভালোবাসা ও যত্ন বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেন নিজেদের অবহেলিত মনে না করে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি করা জরুরি। স্কুলটির উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দেন তিনি।
স্কুল সূত্রে জানা যায়, বর্তমানে বিদ্যালয়টিতে ৮৬ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পড়াশোনা ও দেখাশোনার জন্য ৯ জন শিক্ষক রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বীরগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. সাজু ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এমপি মনজুরুল ইসলাম।
মন্তব্য করুন