সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা থেকে শ্যামনগরের ভেটখালী পর্যন্ত ৬২ কিলোমিটার মহাসড়ক উন্নয়নকাজে চরম ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারী ও পরিবহন চালকেরা। প্রায় ৮২২ কোটি টাকা বাজেটের এই মহাসড়কটি সামান্য বৃষ্টিতেই কালিগঞ্জ ও শ্যামনগরের বিভিন্ন অংশে কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে তৈরি হওয়া বড় বড় খানাখন্দে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন।
স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঠিক তদারকির অভাব এবং কাজে চরম ধীরগতির কারণেই আজ এই বেহাল দশা। জেলা শহর থেকে শ্যামনগরগামী অধিকাংশ দূরপাল্লার বাস এখন আর শেষ গন্তব্যে যেতে পারছে না। রাস্তার খারাপ অবস্থার অজুহাতে সাতক্ষীরা বাসস্ট্যান্ডেই যাত্রী নামিয়ে দিচ্ছেন চালকেরা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ, অসুস্থ রোগী এবং এলাকাটির পর্যটকেরা। ভেঙে পড়া এই যাতায়াত ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে বাড়তি অর্থ ও অতিরিক্ত সময় গুনতে হচ্ছে।
শ্যামনগর ও কালিগঞ্জ অংশে সড়কের অবস্থা এতটাই নাজুক যে, সামান্য বৃষ্টি হলেই ছোট-বড় যানবাহনের চাকা কাদায় আটকে যায়। প্রায়ই ঘটছে গাড়ি উল্টে যাওয়ার মতো মর্মান্তিক ঘটনা। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় প্রতিদিনই কেউ না কেউ সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন, আবার প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। নিম্নমানের কাজ ও উন্নয়ন প্রকল্পের দীর্ঘসূত্রতার নেপথ্যে অনিয়মের অভিযোগ তুলেছেন অনেকে।
যাতায়াত উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে এবং মানুষের জীবনের ঝুঁকি কমাতে অবিলম্বে মহাসড়কটির কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সওজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দ্রুততম সময়ে সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করা না হলে এই অঞ্চলের অর্থনীতি এবং জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়বে।
মন্তব্য করুন