মোঃ শেখ ফরিদ রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতুলি এলাকায় হঠাৎ করেই বিভিন্ন দেয়াল, স্থাপনা ও দোকানের শাটারে ‘জয়বাংলা’সহ লেখা দেখা গেছে। এতে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
সম্প্রতি তোলা ছবিতে দেখা যায়, প্রেমতুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের আশপাশের দেয়াল, একটি দোকানের দেয়াল ও বিভিন্ন স্থাপনায় লাল রঙে বড় বড় অক্ষরে এসব লেখা হয়েছে।
স্থানীয়দের কয়েকজন জানান, রাতের কোনো একসময় এসব লেখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা বা কী উদ্দেশ্যে এসব লিখেছে, তা তারা নিশ্চিত নন। বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের ব্যবহৃত স্থাপনার দেয়ালে এ ধরনের লেখা পরিবেশের সৌন্দর্য নষ্ট করছে বলেও অনেকে মন্তব্য করেছেন। একই সঙ্গে কারা এসব লেখার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে এসব লেখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
মন্তব্য করুন