শ্যামনগর উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন ৫ নম্বর কৈখালী ইউনিয়নের ৬০ নম্বর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু হানিফের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চ্যানেল আই টেলিভিশনের পক্ষ থেকে বিদ্যালয়ে প্রদান করা পানির ড্রাম আত্মসাতের প্রতিবাদের জেরে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি চ্যানেল আই টিভির পক্ষ থেকে ওই বিদ্যালয়ের জন্য চারটি পানির ড্রাম অনুদান হিসেবে দেওয়া হয়। কিন্তু কৈখালী ইউনিয়নের সৈলখালী গ্রামের আবুল চৌকিদারের দুই ছেলে মুকুল ও মহিউদ্দিন ড্রামগুলো বিদ্যালয়ে না রেখে গোপনে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। প্রধান শিক্ষক মাস্টার আবু হানিফ স্কুল প্রাঙ্গণে এই অনৈতিক কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান এবং সরকারি সম্পত্তি আত্মসাতের বিরোধিতা করেন।
প্রধান শিক্ষকের এই প্রতিবাদের মুখে ক্ষিপ্ত হয়ে মুকুল ও মহিউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয়। হামলাকারীরা প্রধান শিক্ষক আবু হানিফকে বেদম মারধর করে গুরুতর জখম করে। এ সময় তাদের সাথে আরও বেশ কিছু লোকজন অংশ নেয়। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের ওপর হামলাকারী মুকুল ও মহিউদ্দিন জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত এবং স্থানীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে। প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর এ ধরনের হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্ত মুকুল, মহিউদ্দিনসহ সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও শিক্ষক সমাজ।
মন্তব্য করুন