মোঃ মেহেদী হাসান, সম্পাদক ও প্রকাশক
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে এক ব্যতিক্রমী ভাবমূর্তির সৃষ্টি করেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক সেনা সদস্য জিএম রুস্তম আলী। দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা কোনো প্রাতিষ্ঠানিক পদ-পদবি বা সরকারি বরাদ্দের অপেক্ষা না করে দীর্ঘদিন ধরে নিজ অর্থায়নে এলাকার নানা উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। যার ফলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে তিনি এখন আস্থার প্রতীক ও ‘নয়নের মনি’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ ভাঙনরোধ, নদীভাঙন কবলিত অংশ মেরামত, অভ্যন্তরীণ কাঁচা রাস্তা সংস্কার, ইটের সলিং এবং পিচঢালা ভাঙা রাস্তা নিজ পকেট থেকে অর্থ খরচ করে সচল রাখছেন জিএম রুস্তম আলী। বিশেষ করে উপকূলীয় এই জনপদের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবং সুপেয় পানির সংকট দূরীকরণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে।
বর্তমান ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের দৃশ্যমান দায়িত্ব পালনের কথা থাকলেও, এই সাবেক সেনা কর্মকর্তা নিজের তাগিদে মানুষের দোরগোড়ায় ছুটে যাচ্ছেন। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন থেকে শুরু করে অসহায় মানুষের আইনি ও সামাজিক বিচার সালিশে তিনি সবসময় ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করছেন। ফলে সাধারণ ভোটারদের একটি বড় অংশ মনে করছেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং থমকে থাকা কাজগুলো গতিশীল রূপ পাবে।
তবে এত সব জনকল্যাণমূলক কাজের পাশাপাশি স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহল ও ভুঁইফোড় ফেসবুক পেজ থেকে দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব অপপ্রচার সত্ত্বেও তিনি অবিচল থেকে সাধারণ মানুষের সেবা অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে জিএম রুস্তম আলীর সাথে কথা হলে তিনি জানান, ব্যক্তিগত প্রচার-প্রচারণার চেয়ে মানুষের ভালোবাসা ও আস্থাই তাঁর কাছে বড় অর্জন। তিনি বলেন, “আমার কোনো প্রচার-প্রসার বা বাহবা নেওয়ার দরকার নেই। সাধারণ মানুষ যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্ব দেয়, তবে আমি অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম, তার চেয়েও বড় পরিসরে সততার সাথে কাজ করব। এলাকার সাধারণ জনতার সেবা করার সুযোগ আমি একবার পেতে চাই।”
তরুণ এই জননেতার এমন জনমুখী কর্মকাণ্ড ও নিঃস্বার্থ মনোভাবের কারণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের সাধারণ ভোটার ও তরুণ সমাজের মাঝে তাঁকে আগামীর চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার আকাক্সক্ষা দিন দিন জোরালো হয়ে উঠছে।
মন্তব্য করুন