শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি।
যশোরের কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের পদ্মবিল ও মর্শিনা বিলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় প্রায় ৬০০ বিঘা আমন ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কোমরপুরের কাটা খালে কতিপয় অসাধু মৎস্য শিকারি বাঁশের পাটা ও জাল দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ সংকটের সৃষ্টি হয়।
https://youtu.be/cA2omG-Xhn4?si=XJqXXaQXgXby3y9n
বিষয়টি জানতে পেরে স্থানীয় আনসার-ভিডিপি সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। দলনেতা মো: আলী হোসেন, মোঃ তালিব হুসাইন, মো: রাজিবুল ইসলাম এবং আনসার কমান্ডার মোঃ ইয়াসিন আলীর নেতৃত্বে খালের প্রতিবন্ধকতা অপসারণ করে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা হয়।
অভিযানে বিলের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রায় ৪,০০০ মিটার অবৈধ জাল ঘটনাস্থলেই বিনষ্ট করেন সদস্যরা, যা মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় বড় ভূমিকা রাখবে।
আনসার-ভিডিপির এই জনকল্যাণমূলক উদ্যোগের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাবৃন্দ। তারা বাহিনীর এই তৎপরতা প্রত্যক্ষ করেন এবং উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে আনসার-ভিডিপি সদস্যদের ভূয়সী প্রশংসা করেন।
স্থানীয় কৃষকরা জানান, সময়মতো এই পদক্ষেপ না নিলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কৃষকের ফসল ও জলজ সম্পদ রক্ষায় তৃণমূলের আনসার ভিডিপি সদস্যরা সমাজের জন্য একটি উজ্জ্বল অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন।
মন্তব্য করুন