হাফিজুর রহমান হাফিজ, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে একটি মাদক মামলায় দীর্ঘদিন ধরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের তুহিন (২৮) এবং তাঁর বাবা আব্দুল মজিদ মোড়ল (৪৮)।
পুলিশ সূত্র জানায়, আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় ২০১৫ সালের একটি মাদক মামলা রয়েছে (মামলা নম্বর: ২১/১৫, তারিখ: ৩০/০৬/২০১৫)। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজী শহিদুল ইসলাম এবং এএসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ দল নায়ড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট ছিল। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আজকেই তাঁদেরকে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্র মাদক বিরোধী অভিযানে কঠোর অবস্থান জোরদার করেছে। এর আগে গত ৩ অক্টোবর ঝিকরগাছা থানা ও বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি যৌথ অভিযানে বাঁকড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী সাধন দাস এবং তাঁর ৩ সহযোগীকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছিল পুলিশ। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন