সাতক্ষীরা জেলা প্রতিনিধি
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। প্যারেড পরিদর্শনকালে ফোর্সদের মাঠপর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস ও টার্নআউটের ওপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এতে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম বলেন, মাস্টার প্যারেড শৃঙ্খলার একটি অপরিহার্য অংশ। নিজেদের প্রকৃত স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার কোনো বিকল্প নেই। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন বা বিনষ্ট হয় এমন যেকোনো আচরণ থেকে বিরত থাকার জন্য তিনি সকলকে কঠোর নির্দেশ দেন।
পাশাপাশি ড্রেসরুলস মেনে সঠিক নিয়মে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হওয়া এবং সরকারি মালামাল যথাযথভাবে হেফাজত করার তাগিদ দেন তিনি। এছাড়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডি-স্টোর, অস্ত্রাগার, ডিবি অফিস, মোটরযান শাখা ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
মন্তব্য করুন