কয়রা-খুলনা-প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় জুয়া ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে ৮ জনের বিরুদ্ধে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, রোববার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে মদিনাবাদ গ্রামের কয়রা প্রতিবন্ধী স্কুল সংলগ্ন কালভার্ট এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করা হয়। তারা হলেন- মো. জাহিদ হাসান শেখ (২৪), মো. আশিক সরদার (২০) ও আশিকুজ্জামান আকাশ সরদার (২২)।
পরে রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর কয়রা গ্রামের পিচের মাথা জুনিয়র মোড় বাজার এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। সেখান থেকে মোবাইল ফোনে জুয়া অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের সময় আরও ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. ইব্রাহিম হোসেন (২৫), মো. জাকারিয়া হোসেন (২২), নুর মোহাম্মদ হাওলাদার (২৫), শ্রী বিধান মণ্ডল (৩৫) ও মো. রমজান হোসেন (২৯)।
আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া খেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কয়রা থানায় অনলাইন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, খুলনা রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যোগদানের পর গত এক মাসে এ সংক্রান্ত একাধিক মামলা ও অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, “শুধু আইনি ব্যবস্থা নয়, আমরা সামাজিক সচেতনতাও তৈরি করছি। মসজিদে মসজিদে, স্কুল-কলেজে গিয়ে তরুণদের জুয়া ও মাদকের ভয়াবহতা সম্পর্কে বোঝানো হচ্ছে।”
এদিকে নতুন ওসির যোগদানের পর এলাকায় চুরি ও অজ্ঞান পার্টির তৎপরতা কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিয়মিত অভিযানের কারণে অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন