শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি
কোনো অপশক্তি যেন বিভেদ সৃষ্টি করে ফায়দা লুটতে না পারে এবং রাজনৈতিক বিভক্তি যেন আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করে, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
তিনি বলেন, “আমরা সকলে এই দেশের মানুষ। ধর্ম যার যার অবস্থানে রেখে আমাদের সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের। ঐতিহ্যগতভাবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা লালন করে আসছি, তা আরও সুদৃঢ় করতে হবে।”
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর আর্য্য ধর্মসভা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অস্বচ্ছল নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্মীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘শ্রীমদভগবতগীতা সংঘ-খুলনা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রীমদভগবতগীতা সংঘের সভাপতি নিতাই বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীরেন্দ্র নাথ ঘোষ, সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা মহানগরী
,বিমান সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখা, উজ্জ্বল কুমার সাহা, সহসভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট, খুলনা মহানগর শাখা, সমরেশ সাহা, সভাপতি, বাংলাদেশ জুয়েলারী অ্যাসোসিয়েশন, খুলনা জেলা শাখা
, সমর কুন্ডু, উপদেষ্টা, শ্রীমদভগবতগীতা সংঘ ও সাধারণ সম্পাদক, মন্দির পরিচালনা কমিটি
অনুষ্ঠানে সংগঠনের পরিচিতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন শ্রীমদভগবতগীতা সংঘের সাধারণ সম্পাদক পুলোকেশ সাহা পলাশ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে শ্লোক উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে সংঘের প্রয়াত সদস্য ও তাঁদের স্বজনদের বিদেহী আত্মার শান্তি, অসুস্থদের আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন