শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সকারফাইট ফুটবল টুর্নামেন্ট সিজন-০৪’-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় গাবুরা গোপাললক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের উদ্যোগে এই চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে মুখোমুখি হয় আয়োজক গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব এবং পাতাখালী সোনার তরী একতা যুব সংঘ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় পাতাখালী সোনার তরী একতা যুব সংঘকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব।
বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন আক্তার হোসেন। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য একই দলের সুমন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জি. এম. ইমাম হাসান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খান হাবিবুল্লাহ বাহার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি শাহিনুর রহমান শাহীন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস. এম. দিদারুল ইসলাম এবং সাউদান চ্যারিটি যুব ফাউন্ডেশনের সভাপতি মো. হাবিবুল্লাহ আল মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাবের সভাপতি ফয়সাল মাহমুদ।
উপকূলীয় অঞ্চলের এ টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে ছিল তীব্র আবেগ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি এলাকায় পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।
মন্তব্য করুন