বিশেষ প্রতিনিধি,
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছে। দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির পর্যবেক্ষক টিম এবং মন্দিরভিত্তিক স্বেচ্ছাসেবকরা ২৪ ঘণ্টা নজরদারিতে থাকবে।
তিনি আরও বলেন, কোনো সুযোগসন্ধানী মহল যেন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ফাহমিদা হক বলেন, কয়রা-পাইকগাছার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজা মণ্ডপে প্রতিটি মণ্ডপে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। এছাড়া তিনি ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজামণ্ডপে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
প্রধান বক্তার বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকরাও বাড়তি নিরাপত্তা ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছে।
তিনি বলেন, “এই বাংলাদেশ সবার। এখানে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই।” ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে দেশের উন্নয়ন ও বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি অপারেশন জুলফিকার আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে অসুস্থ চিকিৎসাপ্রার্থী ব্যক্তিদের মাঝেও আর্থিক সহযোগিতার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।
মন্তব্য করুন