মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)
রাজশাহী মহানগরীতে দেশি বিদেশি অনলাইন জুয়ার এজেন্ট পরিচালনা কারী এক ব্যক্তিকে অভিযান চালিয়ে মো. মাসুদ রানা (৩৭) নামে এক অনলাইন জুয়ার এজেন্টকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি কম্পিউটার, রাউটার, ১১টি স্মার্টফোন ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একুশে ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রানা কুষ্টিয়ার কুমারখালী থানার কাঞ্চনপুর গ্রামের মো. আলফাজ মুন্সীর ছেলে। তিনি বর্তমানে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ডিবি জানায়, অভিযানে একটি কম্পিউটার মনিটর, বিশেষভাবে প্রস্তুত করা সিপিইউ, রাউটার, ইউপিএস, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি স্মার্টফোন ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।
জব্দ করা ডিভাইসগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি লেনদেন, ভিপিএন ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দুটি আইফোনে ‘পলিমার্কেট’ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার ও ডলার লেনদেনের তথ্যও পাওয়া যায়। এ ছাড়া একটি ডিভাইসের টেলিগ্রাম ইতিহাসে ৫০০টির বেশি জিমেইল পরিচয় ও পাসওয়ার্ড সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বিভিন্ন অনলাইন জুয়া ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় চন্দ্রিমা থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন