শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শনকালে প্লান্টে সম্প্রতি স্থাপিত মেশিনারিজ পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কেসিসি প্রশাসক বলেন, পরীক্ষামূলকভাবে প্লান্টের মেশিনারিজ চালুর ৩০ ঘণ্টা পর এর প্রথম ফলাফল জানা যাবে এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীগণ সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন প্রদান করবেন। প্রকল্পটির সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, প্লান্টের কার্যক্রম সফল হলে খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন যুগের সূচনা হবে। বর্জ্য আর বোঝা হিসেবে থাকবে না, বরং সম্পদে পরিণত হবে—যা দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও জেলা শহরের জন্য একটি মডেল প্রকল্প হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২’ (সিআরডিপি-২)-এর আওতায় ৫৩ কোটি টাকা ব্যয়ে সলুয়া ল্যান্ডফিলে এই বর্জ্য রিসাইকিং প্লান্টটি স্থাপন করা হচ্ছে। প্রকৌশলীগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই প্লান্টটি সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।
পরিদর্শনকালে সিআরডিপি-২ প্রকল্পের টিম লিডার মো: শফিকুর রহমান, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সাবেক চেয়ারম্যান ডক্টর এসানুল হক, কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, সহকারী প্রকৌশলী মো: ওবায়দুল্লাহ খান, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী মো: মাহবুবুর রহমান, কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার শামসুদ্দিন মোল্লা, প্রজেক্ট ম্যানেজার মিন্টু মণ্ডল ও ফিল্ড ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানাসহ টেকনিক্যাল টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন