মোঃ আব্দুল গফুর,বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে থানা গেটের ঠিক সামনে জেলা পরিষদের মালিকানাধীন দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা মূল্যবান জমি উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এক আকস্মিক অভিযানে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে জায়গাটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
দুপুর ২টায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্থানীয় প্রশাসন অংশ নেয়। অভিযানকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধার অভিযান শেষে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সংস্থার মালিকানাধীন স্থাবর সম্পত্তি ও স্থাপনাগুলো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নীলডুমুর ডাকবাংলো, চন্ডিপুর এলাকার ২২ বিঘা আয়তনের পুকুর এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র আকাশনীলা ইকোপার্ক ঘুরে দেখেন। এসব সম্পত্তির বর্তমান অবস্থা পর্যালোচনা করে তিনি স্থানীয় প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ভবিষ্যৎ ব্যবহার নিয়ে মতবিনিময় সভা করেন।
অভিযান ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের যেসব সম্পত্তি বিভিন্ন সময়ে বেহাত বা দখল হয়েছে, তা পর্যায়ক্রমে উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে ফিরিয়ে আনা হবে। এই সম্পত্তিগুলো আইনানুগ প্রক্রিয়ায় সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগুলো বড় ভূমিকা রাখবে।”
উদ্ধার অভিযান ও দিনব্যাপী এই পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন