শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ডিআরআরএ’র Participatory Action for Capacity Enhancement (PACE) প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের আর্থিক সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে ওপিডির সদস্য, প্রতিবন্ধী ব্যক্তি, নারী ও কন্যা শিশুরা অংশ নেন।
পরে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম শফিউল আলম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস।
সভায় ইউনিয়ন পরিষদের সচিব মো. আবুল হোসেন, ইউপি সদস্য মজিদা মোক্তার, কমলা রানী মৃধা, ফরিদা খাতুন, আবুল কালাম আজাদ, শাহিজুর রহমান, শহিদুল ইসলাম, শ্যামল কুমার মণ্ডল ও কৃষি উপসহকারী কর্মকর্তা জাহানারা খাতুন বক্তব্য দেন।
বক্তারা বলেন, কন্যা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের বৈষম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে ডিআরআরএ’র ফিল্ড অর্গানাইজার লিপিকা মণ্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরআরএ’র প্রকল্প ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার তরুণ কুমার সরদার।
মন্তব্য করুন