শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”—এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নগরীর সার্কিট হাউস ময়দান থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। আলোচনা সভা শেষে তিনি দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আলোচনা সভায় তথ্য অধিকার আইনের সঠিক ও কার্যকর বাস্তবায়ন, জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি দপ্তরসমূহে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তথ্য অধিকার হচ্ছে জনগণের ক্ষমতায়নের অন্যতম প্রধান হাতিয়ার। তথ্যের সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী প্রাপ্তি নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলা সম্ভব।”
সভায় বক্তারা বর্তমান ডিজিটাল যুগে অপতথ্য বা গুজবের বিরূপ প্রভাব তুলে ধরে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়ার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন