বিশেষ প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলায় ভিডিপি দলনেতার তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আনসার ও ভিডিপি সদস্যরা পুলিশকে সহযোগিতা করেন।
২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে কেশবপুর থানাধীন ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কেশবপুর উপজেলার ভিডিপি দলনেতা মোঃ আলী হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানকালে কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের বাবর আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম ওরফে রকি (২৩) এবং একই উপজেলার সরাপপুর গ্রামের ইসলাম গাজীর ছেলে মোঃ আব্দুর রহমান গাজী (৩১)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় মিরাজুল ইসলামের কাছ থেকে ৩ পিস ইয়াবা এবং আব্দুর রহমান গাজীর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বাহিনীর সদস্যদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার আলোকে আনসার ও ভিডিপি সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মাদকসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সহযোগিতা করছেন।
কেশবপুরে ভিডিপি দলনেতার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে আনসার ও ভিডিপির দায়িত্বশীল ভূমিকার একটি উদাহরণ। স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার মাধ্যমে মাদক প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন