শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করা এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসির উদ্যোগ পর্যালোচনা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন ও অনুবিভাগ-২) পরিমল সরকার।
সভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি কর্তৃক গৃহীত সমসাময়িক বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি। তিনি বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নগরবাসীকে সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন ও বাস্তবভিত্তিক প্রকল্প প্রস্তাব প্রেরণের জন্য কেসিসি কর্তৃপক্ষকে পরামর্শ দেন তিনি। এছাড়া কার্যকর মশক নিয়ন্ত্রণে আন্তঃসিটি কর্পোরেশন সমন্বিত সভা আহ্বানের ওপর জোর দেন যুগ্মসচিব।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসির সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান সহ বিভিন্ন বিভাগ ও শাখা প্রধান এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ।
মন্তব্য করুন