শাহিনুর ইসলাম : বিশেষ প্রতিনিধিঃ
খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৫৭ টি পূজা মন্ডপের প্রতিটি মন্ডপে ৭হাজার টাকা ও ৬শ কেজি করে চাল আর্থিক সহায়তা প্রদান ও ৫৪টি আর্থসামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় কয়রা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি। তিনি বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী বিএনপি। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনে মন্দির কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ ছাড়া অবহেলিত কয়রা-পাইকগাছার উন্নয়নে প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা ও ৫৪টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান বক্তা ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, খুলনা জেলার ৮৮৭টি পূজামণ্ডপে দুর্গোৎসব সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,জেলা বিএনপি নেতা কে এম আশরাফুল আলম নান্নু, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড.অম্বিকা চরণ সানা,সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী। জেলা বিএনপি সদস্য এমএ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
মন্তব্য করুন