শাহিনুর ইসলাম। তালা উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার তালা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমপি) প্রকল্পের আওতায় স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ২০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলার সরুলিয়া ও তালা সদর ইউনিয়নে ১০ জন করে মোট ২০ জন নারীকে এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তালা সদর ও সরুলিয়া ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্টদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাইদুর রহমান সাঈদ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রহিম, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও নারী কর্মীরা।
সংশ্লিষ্টদের উপস্থিতিতে লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হলে যোগ্য ও অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে।
এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, “বাকি ইউনিয়নগুলোতে নারী কর্মী নিয়োগের কার্যক্রম সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অবশিষ্ট নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারে আমি আশাবাদী।”
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নারী কর্মীরা প্রতিদিন কাজের বিনিময়ে ৩০০ টাকা পাবেন। এর মধ্যে ১০০ টাকা বাধ্যতামূলকভাবে সঞ্চয়ী হিসাবে জমা রাখতে হবে। প্রকল্পের কাজ শেষে জমাকৃত সঞ্চয়ের মূল অর্থ ও প্রযোজ্য মুনাফা সংশ্লিষ্ট নারী কর্মীদের ফেরত দেওয়া হবে।
নারীদের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাধ্যমে স্থানীয় যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার অসচ্ছল নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
মন্তব্য করুন