প্রদীপ সাহা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মতিথি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল জয় কালী ইসকন মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই মহোৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
দিনের কর্মসূচির শুরুতে সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা (র্যালি) বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জয় কালী মন্দিরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেন।
পরে সন্ধ্যা ৬টায় মন্দির প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও আবির্ভাব নিয়ে বিশেষ আলোচনা সভা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, হিন্দু বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভাপতি গৌর বসাক, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু বসাকসহ মন্দির কমিটির ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও মৈত্রী প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
মন্তব্য করুন