শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী হিসেবে গাজী সিরাজুল ইসলামকে মনোনীত করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে মাঝিয়াড়া বাজারে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাঁকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
গাজী সিরাজুল ইসলাম বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় পর্যায়ে তাঁর সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে তাঁকে ইউপি সদস্য প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে বলে সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর জাফর।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার।
এ সময় বক্তব্য দেন শিক্ষক শ্যামল চৌধুরী, বিএনপি নেতা সামছুর সমরদার, আব্দুর কাদের, শংকর দত্ত, আব্দুর হান্নান, খলিলুর রহমান ও ফজলু রহমান,মালেক মোড়লসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন