মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য ও ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে বিদ্যালয়টির বালিকা কাবাডি দল এই গৌরব অর্জন করে।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের নিয়ানপুর এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই শুধু শিক্ষা বিস্তারেই নয়, বরং দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের নানাভাবে সহযোগিতার মাধ্যমে এলাকায় অনুকরণীয় ভূমিকা রেখে চলেছে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত উৎসাহ জুগিয়ে আসছিল বিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের গ্রীষ্মকালীন ক্রীড়ায় কাবাডিতে এই উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী দিনেও খেলাধুলার এই ধারা অব্যাহত রেখে শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাদের। স্থানীয় সুধীসমাজ ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা নিয়ানপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক ও বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন