নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে পৈতৃক জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কলারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী বৃদ্ধ মো: ইউনূছ আলী মোল্লা (৬২) বাদী হয়ে তার দুই পুত্র মো: রানা মোল্লা (৪৩) ও মো: আশিক মোল্লার (৩০) বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে ৬২ বছর বয়সী ইউনূছ আলী মোল্লার সাথে তার দুই ছেলের বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, জমি ভাগ-বাটোয়ারা না করেই দুই ভাই গায়ের জোরে রাস্তার পাশে পৈতৃক জমিতে ইট দিয়ে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন।
বাদী জানান, আমিন দ্বারা জমি পরিমাপের প্রস্তাব দেওয়া হলেও বিবাদীরা তা প্রত্যাখ্যান করেন এবং বাঁধা দিলে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকেন।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮:০০ ঘটিকার সময় কলারোয়া থানাধীন হিজলদী গ্রামে বিবাদীদ্বয় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইউনূছ আলী মোল্লার উপর আক্রমণের চেষ্টা চালায়। তিনি পুনরায় ঘর নির্মাণে নিষেধ করলে তাকে মারপিটের জন্য তেড়ে আসা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিবাদীরা স্থান ত্যাগ করে।
বর্তমানে নালিশি জমি নিয়ে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কার কথা উল্লেখ করে ভুক্তভোগী পিতা কলারোয়া থানায় আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে কলারোয়া থানার কর্মকর্তা জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন