শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি:
মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মানবতার শ্রেষ্ঠ আদর্শ উল্লেখ করে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, মহান আল্লাহ মানুষকে কল্যাণকর পথ প্রদর্শনের বিশেষ উদ্দেশ্যে এই মহতী মানুষকে প্রেরণ করেছেন। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সততা, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য উদাহরণ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আজ সোমবার দুপুরে নগরীর বয়রা মাধ্যমিক বিদ্যালয় অডিটরিয়ামে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত সিরাতুন্নবী (স.) আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিশেষ করে মহানবী (স.)-এর জীবনাদর্শ থেকে জ্ঞান অর্জন করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তৃতায় কেসিসি প্রশাসক আরও বলেন, এই অঞ্চলের শিক্ষার প্রসার এবং সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়টির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ডেঙ্গুমুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধ জানান তিনি।
বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আবুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আলিমুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজসেবক জাহিদুল ইসলাম খোকন ও মো: সাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা হামদ-নাত ও কিরাত পরিবেশন করে। আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
মন্তব্য করুন