মোঃ শেখ ফরিদ ( জেলা প্রতিনিধি)
রাজশাহীর গোদাগাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শিশুকন্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছরের দিবসটির প্রতিপাদ্য ছিল— “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, নিরাপদ পরিবেশ ও সমান সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য বাল্যবিয়ে প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং কন্যাশিশুর অধিকার রক্ষায় পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর সম্ভাবনা বিকাশে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি বৈষম্য দূর করা জরুরি। একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গঠনে কন্যাশিশুদের শিক্ষা ও ক্ষমতায়নের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন