শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি
নগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে ড্রেন, নালা, পুকুর ও ঝোপঝাড় পরিচ্ছন্নতাসহ বিশেষ মশক নিধন কার্যক্রম জোরদার করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ শনিবার সকালে নগরীর দক্ষিণ টুটপাড়াসহ বিভিন্ন এলাকায় চলমান কার্যক্রম পরিদর্শনকালে কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকলকে এই কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, “নগরীকে পরিচ্ছন্ন রাখতে ড্রেন ও নালা সাফাইয়ের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা জরুরি।” বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার উল্লেখ করে তিনি জানান, নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর ঝুঁকি থাকতে পারে, তাই সকলকে সতর্ক থাকতে হবে।
কেসিসির পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিচ্ছন্নতা ছাড়াও হাসপাতালসমূহে চিকিৎসা সম্প্রসারণ, ৯টি মেডিকেল ক্যাম্প স্থাপন এবং নগরীকে রেড, ইয়েলো ও অরেঞ্জ জোনে ভাগ করে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী দুই মাসও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে প্রশাসকের সাথে কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন