শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ চলবে ১০ ও ১১ অক্টোবর।
কর্মশালার উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক। এ সময় তিনি মাঠপর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই ও সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্ভুল তথ্যের ভিত্তিতে কার্যক্রম বাস্তবায়ন ও উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করার লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, সদস্যসচিব মো. আশেক ইলাহী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মো. নুরুজ্জামান ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে. সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন